Ridge Bangla

উত্তরাখণ্ডে বন্যার প্রভাবে ভীতসন্ত্রস্ত সারা আলি খান

ভারতের উত্তরাখণ্ডে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১২,৬০০ ফুট উঁচু থেকে নেমে আসা মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানে উপত্যকা পানির নিচে তলিয়ে গেছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক বাড়ি, হোটেল বিধ্বস্ত হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ এই বিপর্যের বহু ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখেই উদ্বিগ্ন ও সন্ত্রস্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।

সারার অভিনয় জীবন উত্তরাখণ্ডের সঙ্গে গভীরভাবে যুক্ত। তার প্রথম ছবির নাম ‘কেদারনাথ’, যা উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় ও বন্যার পটভূমিতে নির্মিত হয়েছিল। ছবির পর থেকে সারা নিয়মিত কেদারনাথ সফর করেন এবং মহাদেবের আরাধনা করেন। এই কারণে উত্তরাখণ্ডের বন্যায় তার মন ও অনুভূতি বিশেষভাবে প্রভাবিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সারা আলি খান লিখেছেন, “উত্তরাখণ্ডের ভয়াবহ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। প্রত্যেকেই যেন এই কঠিন সময়ে ধৈর্য ধরে শক্তি সঞ্চয় করতে পারে এবং দ্রুত সুস্থ হতে পারে, সেই প্রার্থনা করছি।”

উত্তরকাশী জেলার আপৎকালীন কেন্দ্র থেকে বিপর্যস্তদের জন্য জরুরি ফোন নম্বর প্রকাশ করা হয়েছে, যা সারা তার সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন, যাতে দ্রুত সাহায্য পৌঁছানো যায়। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রায় ১৩০ জনকে উদ্ধার করেছে। শুধু হড়পা বানে নয়, উপর থেকে ভেসে আসা কাদার স্রোতও পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। ফলে স্থানীয়দের দুর্দশা বেড়ে গেছে বহুগুণ। উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক বিপর্যয়ে সমগ্র দেশ শোকাহত ও উদ্বিগ্ন।

This post was viewed: 32

আরো পড়ুন