Skip to main content

Ridge Bangla

ঈদে শাকিবকে পেছনে ফেলে শীর্ষে জোভানের ‘আশিকি’

ঈদুল আজহার প্রথম দিকে শাকিব খান ও সাবিলা নূর অভিনীত সিনেমা ‘তাণ্ডব’-এর গান ‘লিচুর বাগানে’ ছিল সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ঈদের দ্বিতীয় দিনেই সেই অবস্থান দখল করে নেয় ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘আশিকি’, যা ইউটিউবে এখন ট্রেন্ডিং নম্বর ১ অবস্থানে রয়েছে। নাটকটি এরই মধ্যে দর্শকপ্রিয়তায় পেছনে ফেলেছে ‘লিচুর বাগানে’ গানকে।

৮ জুন রাতে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘আশিকি’ নাটকটি মাত্র কয়েক দিনের মধ্যেই ৬৬ লাখের বেশি বার দেখা হয়েছে, বিপরীতে ‘লিচুর বাগানে’ গানের ভিউ ১৭ লাখেরও নিচে। এই বিশাল ব্যবধান ঘিরে নাটক বনাম সিনেমার জনপ্রিয়তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

নাটকে জোভান অভিনয় করেছেন আশিক, এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার স্বপ্ন বাবার ইচ্ছা পূরণ করে শহরে গিয়ে পড়াশোনা করা। তার সঙ্গেই জড়িয়ে থাকে সংগীতের প্রতি ভালোবাসা, বাস্তবতা, সংগ্রাম ও সম্পর্কের জটিলতা। বিপরীতে নাজনীন নীহা অভিনীত ‘জেস’ উচ্চবিত্ত পরিবারের মেয়ে, যিনি আশিকের সহপাঠী। গল্পে প্রেম, বন্ধুত্ব, সংঘর্ষ ও আবেগময় মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে।

দর্শকদের মতে, নাটকে কেবল প্রেম নয়, জীবনের বাস্তব সংগ্রাম, আবেগ ও আত্মত্যাগের ছোঁয়া পাওয়া গেছে, যা ‘আশিকি’কে এবারের ঈদের অন্যতম সফল কনটেন্টে পরিণত করেছে।

এবারের ঈদে বড় বাজেটের সিনেমা নয়, বরং একটি সাধারণ গল্পের নাটকই দর্শকদের হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছে—এটাই স্পষ্ট করে দিয়েছে ‘আশিকি’র অভাবনীয় সাফল্য।

This post was viewed: 51

আরো পড়ুন