Skip to main content

Ridge Bangla

ঈদের সিনেমায় হঠাৎ আলোচনার শীর্ষে জয়া আহসান

চলতি ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে শুরুতে আলোচনায় ছিলেন সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। গান, টিজার ও ট্রেলার ঘিরে তাদের নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জয়া আহসান।

বিশেষ করে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় তার চরিত্র ‘সায়রা’ দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সাধারণত শাকিব খানের সিনেমায় নারী চরিত্রগুলো গৌণ থাকলেও ‘তাণ্ডব’-এ ব্যতিক্রম ঘটেছে। ‘সায়রা’ চরিত্রে জয়া আহসান পেয়েছেন দৃঢ়তা, স্পষ্ট কণ্ঠস্বর ও গুরুত্বপূর্ণ উপস্থিতি।

দর্শকদের মতে, জয়া শুধু চরিত্রটি গ্রহণই করেননি, বরং তার অভিনয় দক্ষতায় সেটিকে পর্দায় জীবন্ত করে তুলেছেন। তার গ্ল্যামার, বডি ল্যাংগুয়েজ ও স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মুগ্ধ করেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, “সুন্দরী জয়া আহসানকে শেষ কবে এত ভালো লেগেছে, মনে নেই।”

‘তাণ্ডব’ ছাড়াও ঈদে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাতেও ভিন্নধর্মী এক চরিত্রে দেখা গেছে জয়াকে। সেখানে তিনি অভিনয় করেছেন একটি হালকা-কমেডি চরিত্রে, যার সংলাপ ও আচরণে ফুটে উঠেছে গভীর জীবনবোধ।

দুই বিপরীতধর্মী চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে জয়া আহসান আবারও প্রমাণ করেছেন, কেন তিনি বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী। এই ঈদে হঠাৎ করেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

This post was viewed: 62

আরো পড়ুন