Ridge Bangla

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশজুড়ে সরকারি অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় চালু হচ্ছে। সাত দিনের দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে কর্মব্যস্ততায় ফিরছে নগরজীবন।

তবে মাঝেই রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এ কারণে অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেকেই টানা ১২ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করছেন। ফলে চলতি সপ্তাহজুড়ে অফিস-আদালতের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর প্রথম কর্মদিবসে সাধারণত কাজের চাপ কম থাকে। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি আদান-প্রদানেই দিনটি কাটে। একই চিত্র দেখা যেতে পারে ব্যাংক খাতেও। জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ তুলনামূলক কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মীরাও ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে কাজে ফিরছেন। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছিল। সেই ছুটি শেষে মঙ্গলবার থেকে সংবাদমাধ্যমগুলোও আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

This post was viewed: 17

আরো পড়ুন