Ridge Bangla

ঈদের ছুটিতে পর্যটকের ভিড় জমছে কক্সবাজার সমুদ্রসৈকতে

ঈদুল আজহার ছুটিকে ঘিরে ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার। কোরবানির ব্যস্ততা শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ছুটে আসতে শুরু করেছেন বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও দরিয়ানগর পয়েন্টে দেখা গেছে পর্যটকদের ভিড়। সেখানে কেউ পরিবার নিয়ে সমুদ্রস্নানে মেতে উঠছেন, কেউ আবার আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন।

জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত কক্সবাজারের প্রায় ৩০ শতাংশ হোটেল কক্ষ বুকিং হয়েছে। এতে প্রায় ৪০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। একই সঙ্গে বেড়েছে হোটেল, মোটেল ও গেস্টহাউসগুলোর ব্যস্ততাও।

কক্সবাজার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেছেন, ঈদের প্রথম দুই দিন মানুষ কোরবানির আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকায় পর্যটকের চাপ কম ছিল। তবে এখন পর্যটকের আগমন বাড়ছে এবং আগামী কয়েক দিন এই ধারা চলমান থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন লাইফগার্ড কর্মীরা। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টাঙিয়ে সতর্ক করা হচ্ছে দর্শনার্থীদের।

পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও সাদা পোশাকের সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

This post was viewed: 4

আরো পড়ুন