Ridge Bangla

ঈদগাঁ মাঠের নামকরণ ও মালিকানা বিরোধে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের নামকরণ ও মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় প্রশাসন ও সূত্র জানায়, দিমুখা ও মুন্দইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী এই ঈদগাঁ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা একত্রে ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা দাবি নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। আদেশ অনুযায়ী ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ঈদগাঁ মাঠ এবং এর আশপাশের প্রায় ৪০০ গজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং ও মাইকিং নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন ও যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, বিষয়টি সমাধানে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু কোনো সমাধান না আসায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান।

This post was viewed: 14

আরো পড়ুন