Skip to main content

Ridge Bangla

ইসির অনলাইন কার্ড আবেদনে নিরাপত্তা বিপর্যয়, ফাঁস ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের ক্ষেত্রে অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে এই উদ্যোগের মধ্যেই গুরুতর তথ্য নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটেছে। ইসির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল চারটার দিকে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এ প্রবেশ করলেই আবেদনকারী সাংবাদিকদের তালিকা স্বয়ংক্রিয়ভাবে হোম পেজে প্রদর্শিত হতে থাকে। সেখানে সাংবাদিকদের নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বরসহ সম্পূর্ণ আবেদনপত্র উন্মুক্ত অবস্থায় দেখা যায়। ফলে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে প্রকাশ পায়। কিছু সময় পর ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সাংবাদিকদের কার্ড ও স্টিকার পেতে এবারই প্রথম অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এ সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান সাংবাদিকরা। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের চাপের মুখে ইসি অনলাইন পদ্ধতি বাতিল করে আগের নিয়মে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইন সিস্টেমে আবেদন জমা দেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অনলাইন সিস্টেম শুক্রবারই বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার কীভাবে ওয়েবসাইটটি উন্মুক্ত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে তিনি জানান, বিকেলে ওয়েবসাইটের দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন সাময়িকভাবে সাইটটি চালু করেছিলেন। বর্তমানে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে

This post was viewed: 40

আরো পড়ুন