Skip to main content

Ridge Bangla

ইসরায়েলের হামলার মধ্যেই যুদ্ধবিরতির আলোচনা প্রস্তাব প্রত্যাখান ইরানের

ইসরায়েল হামলা চালিয়ে গেলে যুদ্ধবিরতির প্রস্তাব কোনোভাবেই বিবেচনায় নেওয়া হবে না—এমন বার্তা স্পষ্টভাবে আঞ্চলিক মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে জানিয়ে দিয়েছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এই অবস্থান নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে।

রবিবার (১৫ জুন) স্থানীয় সময়, নাম প্রকাশে অনিচ্ছুক এক মধ্যস্থতা আলোচনার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “কাতার ও ওমানকে ইরান জানিয়ে দিয়েছে, তারা কেবল তখনই আলোচনায় বসবে, যখন ইসরায়েলের চালানো হামলার জবাব সম্পূর্ণ হবে।”

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরান বর্তমানে যেকোনো যুদ্ধবিরতির প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

এর আগে শুক্রবার (১৪ জুন) ভোরে ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা শুরু করে। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয় এবং দেশটির পারমাণবিক অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরায়েল এ হামলার ধারাবাহিকতা বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছে। এর জবাবে ইরানও কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়ে বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে “নরকের দরজা খুলে দেবে”।

এ পরিস্থিতিতে সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, কিছু গণমাধ্যমে বলা হয়েছিল, ইরান কাতার ও ওমানকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক আলোচনায় যুক্ত করার অনুরোধ করেছে। তবে সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানিয়েছেন, এই তথ্য সঠিক নয়। এ বিষয়ে ইরান, কাতার বা ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, অতীতে ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে।

This post was viewed: 46

আরো পড়ুন