Skip to main content

Ridge Bangla

“ইসরায়েলকে কঠিন শাস্তি পেতেই হবে”: হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির

ইরানের অভ্যন্তরে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (১৩ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরায়েল তাদের বর্বরতা দিয়ে নিজেদের জন্য তিক্ত পরিণতি ডেকে এনেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে।”

বিবৃতিটি প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ, যা পরবর্তীতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও প্রচার করে।

আয়াতুল্লাহ খামেনি বলেন, “ভোরবেলা ইহুদিবাদী সরকার আমাদের দেশের আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের রক্তাক্ত হাতের ছাপ রেখে গেছে। এই বর্বর আচরণের জন্য তাদের কোনো রেহাই নেই। আমাদের সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীদের শহীদ করার দায়ে ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের শহীদদের স্থানে নতুনরা আসবে। ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে।”

এদিকে, রাজধানী তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর আকাশে বিমান প্রতিরক্ষার গোলার শব্দ ছড়িয়ে পড়ে। বিবিসি ও রয়টার্স জানায়, ইসরায়েল নতুন করে তেহরানে হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে ইসরায়েল নিশ্চিত করে যে তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযান পরিচালনা করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অত্যন্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে। তারা দাবি করেছে, অভিযানটি ছিল “পরিকল্পিত, সুনির্দিষ্ট এবং সফল”।

This post was viewed: 54

আরো পড়ুন