Ridge Bangla

ইশতেহার বাস্তবায়নে শুরু হয়েছে নতুন যুদ্ধ: প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক লড়াই শেষ হলেও এখন শুরু হয়েছে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের নতুন যুদ্ধ।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, গত জাতীয় নির্বাচনে জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে দলীয় ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণকে সুশাসন, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকার সফল করতে দলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল ও সরকার সমন্বিতভাবে কাজ না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন