Skip to main content

Ridge Bangla

ইরানে হামলা পরিকল্পনায় ট্রাম্পের সম্মতি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নয়

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। তবে এখনো চূড়ান্তভাবে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাম্প আশঙ্কা করছেন, আগেভাগে হামলা করলে ইরানের পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসার সম্ভাবনা ক্ষুণ্ণ হতে পারে।

সূত্রমতে, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদোতে অবস্থিত পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বুধবার স্পষ্টভাবে ট্রাম্পের “শর্তহীন আত্মসমর্পণের” আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “আমেরিকার যেকোনো সামরিক হস্তক্ষেপের পরিণতি হবে ভয়াবহ এবং ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।”

ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “ভালো থাকুন।” পাশাপাশি নিজের পরিকল্পনা গোপন রেখে ইঙ্গিতপূর্ণভাবে জানান, “আমি (হামলা) করতে পারি, নাও করতে পারি—কেউ জানে না আমি কী করবো।”

এদিকে, ইসরায়েল ইতোমধ্যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। জবাবে ইরান প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাতে ২৪ জন ইসরায়েলি নিহত হয়। যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি অংশ না নিলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন রেখেছে। মার্কিন দূতাবাস ইতোমধ্যে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, শত্রুপক্ষ স্যাটেলাইট হ্যাক করে সরকারবিরোধী বার্তা ছড়ানোর চেষ্টা চালিয়েছে।

This post was viewed: 81

আরো পড়ুন