Skip to main content

Ridge Bangla

ইরানের পরমাণু স্থাপনাগুলো সুরক্ষিত রয়েছে: ইরানের পরমাণু সংস্থার প্রধান

ইরানের পরমাণু শক্তি সংস্থার (AEOI) প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইসরায়েলি হামলার পরও দেশটির পরমাণু স্থাপনাগুলো সুস্থ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে। বুধবার (১৮ জুন) এক বক্তব্যে তিনি এই তথ্য জানান।

ইসলামি বলেন, “ইসরায়েলি হামলার পর আমাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, তার জবাবে আমি স্পষ্ট করে বলতে চাই—ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ সুস্থ, সচল এবং কার্যকর রয়েছে।”

তিনি আরও জানান, পারমাণবিক স্থাপনাগুলোতে কর্মরত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা অটল মনোবল নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, “ইরানি জাতির গর্ব ও শক্তি গভীরভাবে প্রোথিত, তারা কোনো জবরদস্তির সামনে কখনোই মাথানত করেনি।”

সামরিক হামলা দিয়ে ইরানের অগ্রগতি থামানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামি বলেন, “শত্রুরা এ ধরনের আগ্রাসনে কিছুই অর্জন করতে পারবে না।”

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফোরদু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে কিছু বিজ্ঞানী নিহত হন এবং ইসফাহানে অবস্থিত নাতাঞ্জ স্থাপনায় আংশিক ক্ষতি হয়। তবে ইসলামির ভাষ্য অনুযায়ী, তা কর্মক্ষমতা বা নিরাপত্তায় কোনো প্রভাব ফেলেনি।

This post was viewed: 79

আরো পড়ুন