Skip to main content

Ridge Bangla

ইরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলা

ইসরায়েলের বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানে অবস্থিত কুখ্যাত এভিন কারাগারে হামলা চালিয়েছে। এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েল ও ইরানি সংবাদমাধ্যম জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল কারাগারের প্রবেশপথ।

সোমবার (২৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিএনএন জানায়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় এভিন কারাগারের একটি প্রবেশদ্বার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভিডিওটি যাচাই করে সিএনএন তার সত্যতা নিশ্চিত করে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধু এভিন কারাগারই নয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর প্রধান ভবন এবং তাদের সহযোগী সংগঠন বাসিজ-এর সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে।

এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সেই হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল তেহরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ডে হামলার জন্য ইরানি স্বৈরশাসকদেরকে পূর্ণশক্তি দিয়ে জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, তেহরানের এভিন কারাগার আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বহুদিন ধরেই সমালোচিত। এখানে রাজনৈতিক কর্মী, সাংবাদিক, শিল্পীসহ নানা শ্রেণির সমালোচকদের আটকে রাখার অভিযোগ রয়েছে।

This post was viewed: 72

আরো পড়ুন