ইন্দোনেশিয়ার উপকূলে প্রাকৃতিক গ্যাসের এক বিশাল মজুত আবিষ্কার করেছে ইতালির শীর্ষ জ্বালানি কোম্পানি ‘এনি’। দেশটির জ্বালানি খাতের ভবিষ্যতের জন্য এই সাফল্যকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এএফপির তথ্য অনুযায়ী, পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই নতুন গ্যাসক্ষেত্রের অবস্থান শনাক্ত হয়েছে। প্রাথমিক সমীক্ষায় এই ক্ষেত্রে প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুতের পাশাপাশি ৩০ কোটি ব্যারেল তরল জ্বালানি পাওয়ার তথ্যও নিশ্চিত হওয়া গেছে।
ইন্দোনেশিয়া সরকারের প্রত্যাশা, এই নতুন আবিষ্কারের ফলে ২০২৮ সালের মধ্যে এনির গ্যাস উৎপাদন ক্ষমতা বর্তমানের তুলনায় তিনগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে দৈনিক ৬০০-৭০০ মিলিয়ন এমএমএসসিএফডি গ্যাস উৎপাদিত হচ্ছে। নতুন এই ক্ষেত্র উৎপাদনে আসার পর তা প্রথমে ২ হাজার এবং পরবর্তীতে ৩ হাজারে পৌঁছাতে পারে।