Ridge Bangla

ইথিওপিয়ায় অভিবাসনপ্রত্যাশীবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ২২ জন

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কার্গো ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। নিহত ও আহত সবাই ইথিওপিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (স্থানীয় সময়) ইথিওপিয়ার আফার প্রদেশের সিমেরা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। আফার পুলিশের তথ্যমতে, ট্রাকটিতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যারা অবৈধ পথে প্রতিবেশী দেশ জিবুতির উদ্দেশে যাত্রা করেছিলেন। দুর্ঘটনাস্থলটি জিবুতি সীমান্ত থেকে কয়েক শ’ কিলোমিটার দূরে অবস্থিত।

আফার পুলিশের জনসংযোগ বিভাগ জানায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে এসব মানুষ ঝুঁকিপূর্ণ এই রুটে যাত্রা করেন। যাত্রাপথের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে তাদের অনেকেরই আগাম ধারণা ছিল না। অতিরিক্ত যাত্রী বোঝাই ও অনিরাপদ যানবাহন ব্যবহারের কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই আফার প্রাদেশিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর আশায় ইথিওপিয়ার বহু মানুষ প্রথমে জিবুতিতে যাওয়ার চেষ্টা করেন। সেখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা থাকে তাদের। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ রুটে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯০ জন।

This post was viewed: 28

আরো পড়ুন