Skip to main content

Ridge Bangla

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতির রেকর্ড, বেড়েছে প্রাণহানি

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে গত ১০ মাসে রাশিয়ার সেনা হতাহতের হার যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বেশি। বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এবারই প্রথম এত দ্রুত হারে রুশ সেনাদের মৃত্যু বাড়ছে।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মুখে শান্তি প্রচেষ্টা জোরদার হলেও রণক্ষেত্রে প্রাণহানি কমেনি। বরং গত বছরের তুলনায় রাশিয়ার বিভিন্ন উৎসে প্রকাশিত সেনা মৃত্যুর শোকবার্তা প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

বিবিসি নিউজ, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবকদের যৌথ অনুসন্ধানে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত প্রায় এক লাখ ৬০ হাজার ব্যক্তির নাম নিশ্চিত করা হয়েছে। এই তালিকা সরকারি ঘোষণা, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন কবর ও স্মৃতিসৌধের তথ্য যাচাই করে প্রস্তুত করা হয়েছে।

তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কবরস্থান, স্মৃতিসৌধ ও শোকবার্তার তথ্য বিশ্লেষণ প্রকৃত মৃত্যুর মাত্র ৪৫ থেকে ৬৫ শতাংশ প্রতিফলিত করে। সে হিসাবে রাশিয়ার মোট নিহতের সংখ্যা আনুমানিক ২ লাখ ৪৩ হাজার থেকে ৩ লাখ ৫২ হাজারের মধ্যে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শোকবার্তার সংখ্যা যুদ্ধের তীব্রতার একটি গুরুত্বপূর্ণ সূচক, যা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের ভয়াবহতা এখনও কমেনি।

This post was viewed: 48

আরো পড়ুন