Skip to main content

Ridge Bangla

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭ জন

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রুশ বাহিনী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বন্দর এলাকায় হামলা চালিয়েছে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরশহর এবং কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। এই শহরে মোট তিনটি বড় বন্দর রয়েছে, যেগুলোর মাধ্যমে ইউক্রেনের শস্য, খাদ্যপণ্য ও অন্যান্য পণ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ওডেসা ও এর বন্দরগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রুশ বাহিনী ওডেসার তিনটি বন্দরের একটি পিভদেন্নি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার ফলে বন্দর অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া। এর আগে বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়। ওই সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রুশ হামলার ধারাবাহিকতায় ওডেসা ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

This post was viewed: 46

আরো পড়ুন