Ridge Bangla

আসন বণ্টন নিয়ে তারেক রহমানের বার্তা: দলের সিদ্ধান্তই চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীই চূড়ান্ত, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পর তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে বিএনপি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, ৩০০ আসনে মনোনয়নের প্রক্রিয়া চলছে, তবে সব যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরও বিবেচনায় রাখা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, “মনোনয়ন বঞ্চিতদের দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।” তারেক রহমান সতর্ক করে বলেন, “কেউ এমন কোনো আচরণ করবেন না, যাতে পুরো বিএনপি বিব্রত হয়।”

তিনি অভিযোগ করেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও সংঘবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে। তবে বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

This post was viewed: 29

আরো পড়ুন