প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। রোববার (১৯ অক্টোবর) থেকে সিনেমাটি প্রচার শুরু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। সম্প্রতি আইস্ক্রিন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ট্রেলার প্রকাশ করেছে।
প্রায় দুই মিনিটের ট্রেলারে উঠে এসেছে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এক গভীর মানবিক গল্পের আবহ, যেখানে ভালোবাসা, বেদনা, আত্মত্যাগ ও মুক্তির চেতনা একসূত্রে গাঁথা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকরাম খান, যা নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিখ্যাত গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়কে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্রে দেখানো হয়েছে যুদ্ধের বিভীষিকা, নারীর বেদনা ও মানবতার পুনর্জাগরণের সংগ্রাম। দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের ভূমিকায় রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।