Skip to main content

Ridge Bangla

আশুলিয়ায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৬ জন

আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একটি দোতলা ভবনের দেয়াল ধসে পড়েছে। বুধবার (১৮ জুন) সকালে মন্ডল মার্কেট এলাকায় এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধদের মধ্যে রয়েছেন জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) এবং নাসির (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় জুয়েল মিয়ার মালিকানাধীন ভবনের নিচতলায় ভাড়াটিয়া জহুরুল ইসলাম সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে ভবনের দেয়াল ধসে পড়ে এবং আশপাশের কক্ষে থাকা লোকজন আগুনে দগ্ধ হন।

দগ্ধদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে জাহানারা, জুয়েল, হাওয়া এবং শান্তকে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় গ্যাস লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে, এতে দেয়াল ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে ভবনটির আরও অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

This post was viewed: 78

আরো পড়ুন