Ridge Bangla

আশুগঞ্জে রেল সেতুর পিলারে ধাক্কা, তলিয়ে গেল পণ্যবাহী বাল্কহেড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে পাথরবোঝাই একটি বাল্কহেড রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে তলিয়ে গেছে। শনিবার (১৪ জুন) সকালে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেলসেতুর ২ নম্বর পিলারের সঙ্গে ‘এমভি রিফাত ইসলাম’ নামের বাল্কহেডটি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়ে মাঝখান থেকে ভেঙে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই তা নদীতে ডুবে যায়।

ভৈরব নৌ থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, সিলেট থেকে ঢাকামুখী পাথরবোঝাই বাল্কহেডটি মেঘনায় প্রচণ্ড গতিতে রেলসেতুর পিলারে ধাক্কা খেলে তা দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে। বাল্কহেডটিতে থাকা কর্মীরা দ্রুত নিরাপদে সরে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একটি দল অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীর প্রবল স্রোত ও অদক্ষ নাবিকের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা সেতুর নিচে নৌযান চলাচলে আরও কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি জানিয়েছেন।

This post was viewed: 57

আরো পড়ুন