Skip to main content

Ridge Bangla

আর্জেন্টিনার পর ভিনির গোলে বিশ্বকাপের টিকিট পেল আনচেলত্তির ব্রাজিলও

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ব্রাজিল। এর আগে একই অঞ্চল থেকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিশ্চিত করেছিল তাদের টিকিট। বুধবার (১১ জুন) সকালে সাও পাওলোতে নিও কিমিকা অ্যারেনায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে, ম্যাচের ৪৪তম মিনিটে। ম্যাথিউস কুনহার বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই তরুণ তারকা। এই জয় ছিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তির প্রথম জয়। বিশেষ করে, তার ক্লাব রিয়াল মাদ্রিদের প্রিয় শিষ্য ভিনির পা থেকেই এই গোলটি আসায় মুহূর্তটি ছিল আরও তাৎপর্যপূর্ণ।

ব্রাজিল ম্যাচজুড়ে ছিল দাপুটে। তারা ৭৩% বল দখলে রেখে ১১টি শট নেয়, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। এই জয়ে ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসে ব্রাজিল। অপরদিকে প্যারাগুয়ে সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চমস্থানে।

কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে শীর্ষ ৬টি দল। সপ্তম দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে-অফ। দুই রাউন্ড হাতে রেখেই ব্রাজিল নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে।

এদিকে, ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আরও এক বছর বাকি। আগামী ১১ জুন ২০২৬ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন স্বাগতিক দেশে শুরু হবে ৪৮ দলের বিশ্ব লড়াই। এখন পর্যন্ত তিন স্বাগতিক দেশ ছাড়া ১০টি দেশ ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

এরা হলো জাপান (প্রথম টিকিট নিশ্চিত করে), ইরান, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এবং ইকুয়েডর।

This post was viewed: 49

আরো পড়ুন