Ridge Bangla

আরশ খানকে নিয়ে গুজব, নিজের মুখে জানালেন অভিনেতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ফেসবুকে ধূমপান সংক্রান্ত সতর্কবার্তা দেওয়ার পর থেকেই অসুস্থ ও আইসিইউতে ভর্তি হয়েছেন এমন গুজব ছড়ায়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সুস্থতার খবর দিয়েছেন আরশ। পাশাপাশি অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি।

আরশ খান লিখেছেন, “আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান—এমনটা না করার জন্য।” তিনি আরও জানান, “আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়লে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।” অভিনেতার এই মন্তব্যে ভক্তরা স্বস্তি পেয়েছেন।

আরশ আরও জানিয়েছেন, তিনি আগের ফোন নম্বরই ব্যবহার করছেন এবং কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, “ছাপানোর পূর্বে তথ্য জানার জন্য কল করুন, টেক্সট করুন, মিসকলও চলে। বাঁচতে হলে জানতে হবে।”

এর আগে গত রোববার নিজের পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেন এবং ১৯ বছর ফুসফুসের ক্ষতি হয়েছে। ধূমপান ছাড়ার জন্য ভেপের সাহায্য নিলেও ফুসফুসের ক্ষতি অচিরেই পুরোপুরি ঠিক হয় না। তিনি সতর্ক করেছেন, ভেপ ব্যবহারের কারণে ফুসফুসের যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই।

আরশ খান শেষে লিখেছেন, “সিগারেট এমন প্রেমিকা যাকে একবার ছাড়লে ছেড়ে দিতে হবে। ভেপকে রিবাউন্ড বানানো যাবে না। তাই তোমাদের উচিত সাবধান থাকা।”

This post was viewed: 49

আরো পড়ুন