Skip to main content

Ridge Bangla

আমের জেলো পুডিং তৈরির সহজ রেসিপি

গ্রীষ্মকাল মানেই আমের ঋতু, আর এই সময়ে আম দিয়ে তৈরি মুখরোচক খাবারের মধ্যে আমের পুডিং অন্যতম। এটি একটি সহজ, সুস্বাদু ও ঠান্ডা পরিবেশযোগ্য ডেজার্ট, যা অতিথি আপ্যায়নের জন্য উপযুক্ত। পুডিং তৈরিতে হিমসাগর, ল্যাংড়া, ফজলি বা গোপালভোগের মতো মিষ্টি ও আঁশবিহীন আম ব্যবহার করা উত্তম।

পুডিং তৈরিতে যা লাগবে

পাকা আম – ২টি মাঝারি (প্রায় ১ কাপ আমের পিউরি),
দুধ – ২ কাপ,
কনডেন্সড মিল্ক – আধা কাপ (ইচ্ছেমতো কমবেশি করা যায়),
চিনি – ৩-৪ টেবিল চামচ,
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ,
জেলাটিন বা চায়না গ্রাস – ১ টেবিল চামচ,
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ,
পেস্তা বা বাদাম কুচি – পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পিউরি তৈরি করতে হবে। এরপর একটি ছোট পাত্রে জেলাটিন বা চায়না গ্রাসে ৩ টেবিল চামচ হালকা গরম পানি মিশিয়ে ৫-৭ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং পরে হালকা গরমে গলিয়ে নিতে হবে।

এদিকে একটি প্যানে ২ কাপ দুধ জ্বাল দিয়ে রাখতে হবে। আলাদা একটি বাটিতে কর্নফ্লাওয়ার সামান্য ঠান্ডা দুধে মিশিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে কর্নফ্লাওয়ার মিশ্রণ ধীরে ধীরে ঢেলে দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যাতে কোনো দলা না পড়ে। এরপর ঘন হয়ে এলে চিনি, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স দিয়ে নাড়তে হবে এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।

দুধের মিশ্রণ ঠান্ডা হলে তাতে গলানো জেলাটিন এবং ধীরে ধীরে আমের পিউরি মিশিয়ে মসৃণ করে নিতে হবে। মিশ্রণটি কাঁচের বাটি বা ছোট কাপগুলিতে ঢেলে ফ্রিজে রাখতে হবে অন্তত ৪-৫ ঘণ্টা।

পরিবেশনের আগে পুডিংয়ের ওপরে বাদাম কুচি, পেস্তা কিংবা ছোট করে কাটা আমের টুকরা দিয়ে সাজালে দৃষ্টিনন্দন ও মুখরোচক হয়ে উঠবে।

এই ডেজার্টটি গরমে মিষ্টিমুখ করতে যেমন উপযুক্ত, তেমনি অতিথি আপ্যায়নেও আনবে ভিন্ন স্বাদ ও আনন্দ।

This post was viewed: 153

আরো পড়ুন