Skip to main content

Ridge Bangla

আমার নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে: তিশা

সময়মতো কর পরিশোধ না করায় পারভীন জামান মৌসুমী, রেজাউল করিম বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ বেশ কয়েকজন শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে তৈরি হয় বিভ্রান্তি। অনেকেই ভুল করে ধরে নেন এটি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এমনকি কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিকরভাবে তিশার নাম ও ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করে।

এই বিষয়ে বিরক্তি প্রকাশ করে তিশা নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি নুসরাত ইমরোজ তিশা। দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর-সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও লিখেছেন, “আমি সব সময় নিয়ম মেনে কর দিয়েছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।”

উল্লেখ্য, গত ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত এনবিআরের এক প্রজ্ঞাপনে ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেওয়া হয়, যাঁদের মধ্যে ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের এক ব্যক্তিও ছিলেন। কিন্তু তিশা স্পষ্টভাবে জানিয়েছেন, এটি তার নয়।

This post was viewed: 68

আরো পড়ুন