আজ রোববার রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি সংগঠন ও গোষ্ঠীর কর্মসূচির কারণে যান চলাচল বিঘ্নিত হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধের ফলে জনসাধারণের মধ্যে ব্যাপক ভোগান্তি এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিজ্ঞপ্তিতে জানান, বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে একাধিক সংগঠন একযোগে কর্মসূচি গ্রহণ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া হয়েছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এবং ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের দাবিতেও সড়ক অবরোধ করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এসব আন্দোলনের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে আন্দোলনের কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য ডিএমপি দুঃখ প্রকাশ করেছে।
পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচলের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।