Ridge Bangla

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ: ১৬ দিনের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে। টানা ১৬ দিনব্যাপী এ কর্মসূচি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই সময়জুড়ে সারাদেশে পালিত হবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এবারের ১৬ দিনের কর্মসূচিতে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার-প্রচারণা, ডকুমেন্টারি প্রদর্শনী, জাতীয় হেল্পলাইন ১০৯-এর প্রচার জোরদার, কুইক রেসপন্স টিমের (০১৭১৩৬৫৯৫৭৩, ০১৭১৩৬৫৯৫৭৪) সেবা সম্পর্কে প্রচার, উঠান বৈঠকসহ স্থানীয় পর্যায়ে কমিউনিটি সচেতনতা কার্যক্রম। পাশাপাশি আইনি সহায়তা প্রদান, মনোসামাজিক কাউন্সেলিং এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক নানা উদ্যোগও নেওয়া হয়েছে।

এছাড়াও, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে একযোগে শপথ পাঠের আয়োজন করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, এ বছরের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মূল প্রতিপাদ্য, ‘ইউনাইট টু এন্ড ডিজিটাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’। এর বাংলা প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।

This post was viewed: 52

আরো পড়ুন