Skip to main content

Ridge Bangla

আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যু: বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা এএফপি জানায়, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা, যিনি দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতি ও সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আইনি লড়াইয়ের কথা তুলে ধরে। এপির ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হতো। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে সর্বশেষ মামলাগুলো থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনার আলোচনায় ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ অসুস্থতার কারণে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মন্তব্য করেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের অবসান।

This post was viewed: 49

আরো পড়ুন