পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। এ ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবে যাত্রা করবেন।
সরকারি সূত্র জানায়, এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে হজ ব্যবস্থাপনা ও যাত্রীদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
এবারের হজ ব্যবস্থাপনায় নতুন সংযোজন হিসেবে ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীরা দেশেই এ কার্ড পাচ্ছেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে পৌঁছে নির্ধারিত স্থান থেকে কার্ড সংগ্রহ করবেন। এছাড়া এবারের হজযাত্রীদের জন্য বিমান ভাড়ায় কিছুটা স্বস্তি এসেছে। সংশ্লিষ্টরা জানান, গত বছরের তুলনায় প্রায় ১২ হাজার টাকা কমে টিকিট পাওয়া যাচ্ছে, যা যাত্রীদের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।