আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের জন্য আজ (বুধবার) থেকে পোস্টাল ভোট দেওয়া শুরু হচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বিকেল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ব্যবহার করে সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট প্রদান শেষে হলুদ খামে সংরক্ষিত পোস্টাল ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে ধাপে ধাপে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে হলুদ খাম জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসির আরেকটি বার্তায় উল্লেখ করা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।