Ridge Bangla

আজ খালেদা জিয়ার জানাজা, শেষ প্রস্তুতিতে ব্যস্ত সংসদ ভবন এলাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। সর্বস্তরের মানুষের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জানাজার সময় খালেদা জিয়ার মরদেহবাহী কফিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে। সংসদ ভবনের অভ্যন্তরীণ মাঠ, বাইরের অংশ ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। দাফনকালে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া অন্যদের প্রবেশ সীমিত থাকবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শোককালীন সময়ে রাজধানীতে আতশবাজি, ফানুস ও সাংস্কৃতিক আয়োজনসহ সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ মরদেহ বহনের জন্য নির্ধারিত রুট ঘোষণা করেছে। একই সঙ্গে জানাজায় অংশগ্রহণ সহজ করতে আজ অতিরিক্ত বিশেষ মেট্রোরেল সার্ভিস চালু করেছে ডিএমটিসিএল। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন