Ridge Bangla

আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে এ অংশে ট্রেন চলাচল হঠাৎ স্থগিত করা হয়। ফার্মগেট এলাকায় আগের দুর্ঘটনাস্থলে কিছুটা কম্পন অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, বুধবার রাতে ফার্মগেট এলাকার উপর দিয়ে ট্রেন চলার সময় চালক সামান্য কম্পন অনুভব করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর পর পরিদর্শন দল ঘটনাস্থলে যায় এবং নিরাপত্তার স্বার্থে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলারের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক যুবক নিহত হন। ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে উত্তরা-আগারগাঁও এবং মতিঝিল-শাহবাগ অংশে চলাচল চালু হয়। বিয়ারিং প্যাড স্থাপনের পর সোমবার সকাল থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে বুধবারের নতুন করে কম্পন শনাক্ত হওয়ার ঘটনায় আবারও নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে ডিএমটিসিএল। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, পূর্ণাঙ্গ পরীক্ষার পরই আগারগাঁও-শাহবাগ অংশে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

This post was viewed: 52

আরো পড়ুন