আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ের মধ্যে দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং কুয়াশা দেখা দিতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এ কারণে আগামী কয়েক দিন দেশের কোথাও হালকা বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা থাকলেও আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী:
- প্রথম দিন (২৮ জানুয়ারি) দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে।
- দ্বিতীয় দিন (২৯ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- তৃতীয় দিন (৩০ জানুয়ারি) সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
- চতুর্থ দিন (৩১ জানুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
- পঞ্চম দিন (১ ফেব্রুয়ারি) সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
This post was viewed: 28