Skip to main content

Ridge Bangla

আগামী নির্বাচন সহজ নয়, যতটা মনে করছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেছেন, “আগামী কয়েকদিন পরে নির্বাচন হবে। আমি এক বছর আগে বলেছিলাম, এই নির্বাচন আমরা যতটা সহজ ভাবছি, বাস্তবে তা সহজ নয়। তখন অনেকে আমার কথাকে গুরুত্ব না দিলেও আজ সবাই বুঝতে পারছেন কথাটির তাৎপর্য।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। কর্মশালায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, মানুষের রায় অর্জন করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। মানুষের ঘরে ঘরে যেতে হবে, বোঝাতে হবে ধানের শীষে ভোট দিয়ে তারা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ভোটের দিন জনগণের রায় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধুমাত্র দলের ভেতরে আলোচনা রেখে বিএনপি এগোতে পারবে না। দেশের জন্য আমাদের যে পরিকল্পনা, তা মানুষকে জানাতে হবে। যদি আমরা এখনো সিরিয়াস না হই, তাহলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনের সব ষড়যন্ত্র আপনারা মোকাবিলা করেছেন। তাহলে সামনে নির্বাচনী লড়াই মোকাবিলা করতে পারবেন না কেন? জনগণের কাছে দলের পরিকল্পনা তুলে ধরতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল।

This post was viewed: 56

আরো পড়ুন