Skip to main content

Ridge Bangla

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিইসির ভাষণ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রেকর্ড করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় এটি বিটিভি, বাংলাদেশ বেতার ও সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে। ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দেশবাসীকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনি সামগ্রীর বিতরণ সম্পর্কেও বিস্তারিত তথ্য দেবেন। তিনি ভোটারদের কোনো ভয়ভীতি বা প্রলোভনের মধ্যে না থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাবেন।

এছাড়া সিইসি দেশের ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্যের উপস্থিতি, সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত হওয়ার বিষয়েও জানাবেন। প্রধান নির্বাচন কমিশনার একবার আরও পুনর্ব্যক্ত করবেন যে কমিশন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার দৃঢ় অবস্থানে রয়েছে। উল্লেখ্য, গেল বছরের ১১ ডিসেম্বর সিইসি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

This post was viewed: 34

আরো পড়ুন