Skip to main content

Ridge Bangla

‘আওয়ামী লীগ বিএনপির চেয়েও শক্তিশালী ছিল, এখন তাদের অস্তিত্ব নেই’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ একসময় বিএনপির চেয়েও শক্তিশালী রাজনৈতিক দল ছিল। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করায় এখন সেই অবস্থান আর নেই। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগও তোলেন।

এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, ‘বিএনপি খাল খনন মেগা প্রজেক্ট শুরু করে শ্রমিকের টাকা, খালের মাটি এবং খালের বালু খাওয়া শুরু করেছে, এখন শুধু তাদের খালটা খাওয়া বাকি আছে।’

তিনি আরও বলেন, ‘২০২৪-এ ডিসি এসপিদের ব্যবহার করে ডামি নির্বাচন হয়েছে। সেই কর্মকর্তাদের মধ্যে তাদের একজনেরও চাকরি নেই। তাই আপনারা জনগণের পাশে থাকুন। না হয় আপনাদেরও এমন অবস্থা হবে।’

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ‘সীমান্ত সুরক্ষিত না থাকলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। সেদিকে আমাদের সর্তক থাকতে হবে। পুশইন বন্ধ হতে হবে। সেজন্য সবাইকে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাত জেগে সীমান্ত পাহাড়া দিতে হবে।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাষ্ট্রপতির দৌড়ে অনেকে প্রতিযোগিতা করছে। যেই আসুক শেখ হাসিনার কোন লেসপেনসার হইতে পারবে না। সকল জুলাই শহিদদের বিচার করতে হবে। আহতদের চিকিৎসাভার নিতে হবে, হাদি হত্যার বিচার করতে হবে, চাঁদাবাজি, অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করতে হবে।’

এর আগে ধোবাউড়া উপজেলা পরিষদ থেকে পদযাত্রা শেষে শহরের মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শক্তির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুর রহমান, জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এটিএম মাহবুবুল আলম, সদস্য সচিব জসিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।

This post was viewed: 5

আরো পড়ুন