আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিবি প্রস্তুত আছে এবং কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (১২ নভেম্বর) মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান বলেন, যারা ভীতি সৃষ্টি বা নাশকতার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। “আইনের সর্বোচ্চ প্রয়োগ আমরা নিশ্চিত করবো।” তিনি জানান, রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ও পেছনের প্ররোচনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। “আজই ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউই আইনের বাইরে নয়।”
সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে ডিবি। শফিকুল ইসলাম বলেন, অনেকে অনলাইনে উস্কানি দিচ্ছে, অথচ রাজপথে তাদের দেখা যায় না। “এমনকি একজন রিকশাচালককে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করা হচ্ছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে।”
তিনি আরও বলেন, সবচেয়ে বেশি উত্তেজনামূলক বক্তব্য যারা দিচ্ছে, তারা দেশের বাইরে বসে এটা করছে। “নিজেরা মাঠে না নেমে সাধারণ মানুষকে উসকে দিচ্ছে। এই নোংরা রাজনীতি বন্ধ করতে সামাজিক সচেতনতা প্রয়োজন।”