Skip to main content

Ridge Bangla

আইওএমের সহায়তায় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তারা ঢাকায় পৌঁছেছেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। তারই ধারাবাহিকতায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জনকে বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট UZ222–এর মাধ্যমে দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসন কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি প্রত্যাবাসিত যাত্রীদের বিদায় জানানোর পাশাপাশি লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অভিবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, বিদেশে চাকরি বা কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথ অনুসরণ করাই একমাত্র সঠিক উপায়। তিনি দেশে ফিরে সরকারি প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং বৈধ উপায়ে বিদেশ যাওয়ার সচেতনতা তৈরির আহ্বান জানান। অবৈধভাবে বিদেশযাত্রা শুধু প্রাণঘাতী ঝুঁকিই ডেকে আনে না বরং ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয়ভাবে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়- এ কথাও তিনি গুরুত্বসহকারে তুলে ধরেন।

রাষ্ট্রদূত আরও বলেন, দেশে ফিরে শুধু চাকরির অপেক্ষায় না থেকে অভিজ্ঞতা ও শ্রমকে কাজে লাগিয়ে ছোট বা মাঝারি উদ্যোগ গড়ে তুলতে হবে। সরকারি সুবিধা, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগালে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

This post was viewed: 61

আরো পড়ুন