মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে শুরু হলো অমর একুশে বইমেলা-২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সুরসপ্তক শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে যায়। বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক ও মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান ও উপ-উপাচার্য মামুন আহমেদসহ কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজনরা।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাসব্যাপী এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন লেখকদের বইও স্থান পেয়েছে। পাঠক-লেখক-প্রকাশকদের মিলনমেলায় রূপ নেওয়া এ আয়োজনকে কেন্দ্র করে বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।