দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এ গত আট দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিভিন্ন স্থান থেকে ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারা দেশে একযোগে এই বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও নগর এলাকায় ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন যাচাই করে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ মূলত অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও অপরাধী চক্র দমন এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে। অভিযানে পুলিশ ছাড়াও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির এক সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।