ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের শাসনামলে গত ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের বর্তমান পর্যন্ত সময়ে এই ৪০টি ঘটনা ঘটে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৯টি ঘটনা ঘটেছে ২০২৪ সালের সেপ্টেম্বরে, আর গত তিন মাসে এমন ঘটনা ঘটেছে ১১টি। বিচারবহির্ভূতভাবে নিহতদের মধ্যে ১৯ জন গুলিতে, ১৪ জন নির্যাতনে এবং ৭ জন পিটুনিতে নিহত হয়েছেন।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত ১১টি হত্যাকাণ্ডের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছে সংস্থাটি। এর মধ্যে তিনটির জন্য পুলিশ, একটিতে সেনাসদস্য এবং সাতটির জন্য যৌথ বাহিনীকে দায়ী করেছে ‘অধিকার’।
একই সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৭ হাজার ৯৭৯টি, যেখানে প্রাণ হারিয়েছেন ২৮১ জন। সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে ২০২৫ সালের মার্চে; উক্ত মাসে ৯৪৪টি ঘটনা ঘটেছে।
‘অধিকার’-এর পরিসংখ্যান বলছে, ১৪ মাসে এখন পর্যন্ত মব সহিংসতায় ১৫৩ জন নিহত হয়েছেন। মব সহিংসতায় নিহতদের মধ্যে গত সেপ্টেম্বরেই ঘটেছে সবচেয়ে বেশি ১৮টি ঘটনা, দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি ঘটনা ঘটেছে ২০২৪ সালের সেপ্টেম্বরে।
এই ১৪ মাসে সাংবাদিকদের উপর হওয়া আক্রমণের চিত্রও তুলে ধরেছে সংস্থাটি। এই সময় ২৪২টি সাংবাদিক নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে ‘অধিকার’। শুধু গত সেপ্টেম্বর মাসেই সাংবাদিকদের উপর এমন ৩৪টি হামলার ঘটনা ঘটেছে।