Skip to main content

Ridge Bangla

অনুমোদনহীন চুক্তি ও মালিকানা সংকটে বিপিএল ছাড়লেন আবরার আহমেদ

নানা নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ। চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত অনুমোদনহীন চুক্তি ও ফ্র্যাঞ্চাইজিটির অস্থির পরিস্থিতিই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে।

নিলামের আগেই সরাসরি চুক্তিতে দেশীয় দুই ক্রিকেটার শেখ মেহেদী ও তানভীর ইসলামের পাশাপাশি আবরার আহমেদকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আবরারসহ তিন বিদেশি ক্রিকেটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা বিপিএল থেকে নাম প্রত্যাহার করেন।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বকাপ পরিকল্পনার কারণে আবরারকে বিপিএলে খেলতে দেওয়া হচ্ছে না। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানায়, প্রকৃত কারণ ভিন্ন। প্রতিবেদনে বলা হয়, আবরার আহমেদের অনুমোদন না নিয়েই তার নাম নিলামে অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম রয়্যালস। আবরার নিজেও জানিয়েছেন, তিনি বিপিএলে খেলার বিষয়ে কোনো সম্মতি দেননি।

এই পরিস্থিতিতে রয়্যালস কর্তৃপক্ষ আবরারের পরিবর্তে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়ার উদ্যোগ নেয় এবং বিষয়টি বিসিবিকে অবহিত করে। এর মধ্যেই আর্থিক সংকটের কথা উল্লেখ করে বিসিবিকে চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা হস্তান্তরের অনুরোধ জানায় চট্টগ্রাম রয়্যালস। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলটির দায়িত্ব নিজেদের হাতে নেয়। বর্তমানে চট্টগ্রাম দলের সার্বিক ব্যবস্থাপনা বিসিবির তত্ত্বাবধানে চলছে। নতুন বিদেশি ক্রিকেটার যুক্ত করার প্রস্তুতিও শুরু হয়েছে।

This post was viewed: 216

আরো পড়ুন