Ridge Bangla

অনুমতি না মেলায় স্থগিত জেমস ও আলী আজমতের কনসার্ট

নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতকে নিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছিল বহুল প্রতীক্ষিত কনসার্ট লেজেন্ডস লাইভ ইন ঢাকা। আয়োজনের দায়িত্বে ছিল অ্যাসেন কমিউনিকেশন। আজ শুক্রবার বিমানবন্দর–সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না মেলায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় সেখানে নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। কয়েক দিন আগেই ওই এলাকায় অগ্নিকাণ্ডের মতো বড় ঘটনা ঘটায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কনসার্ট আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে আয়োজকদের অন্য ভেন্যু বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে আলী আজমত অ্যান্ড জেমস লেজেন্ডস লাইভ ইন ঢাকা কনসার্টটি স্থগিত করা হলো। দ্রুতই নতুন তারিখ ও ভেন্যু জানানো হবে।

এদিকে কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন আলী আজমত। প্রথমবারের মতো জেমসের সঙ্গে একই মঞ্চে পারфর্ম করার সুযোগ পাওয়ায় তিনি রোমাঞ্চিত ছিলেন। ঢাকায় পৌঁছে এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে এই আয়োজনে অংশগ্রহণের আনন্দও প্রকাশ করেছিলেন তিনি। কনসার্ট স্থগিতের খবরে দর্শক–শ্রোতাদের মধ্যে হতাশা দেখা গেলেও আয়োজকরা আশ্বাস দিয়েছেন, সুবিধাজনক সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

This post was viewed: 31

আরো পড়ুন