Skip to main content

Ridge Bangla

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত: খোলামেলা মন্তব্য পাক অভিনেত্রীর

সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল সাঈদা ইমতিয়াজ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি খোলাখুলিভাবে বলেন, “অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত।” তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন।

সাক্ষাৎকারে সাঈদা বিয়ে, বিশ্বস্ততা এবং নিজের পছন্দের জীবনসঙ্গী নিয়েও মত প্রকাশ করেন। তিনি বলেন, “অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে ভয়ংকর মনে হয়। বিয়ের আগে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সামঞ্জস্য থাকা জরুরি।”

নিজের ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে সাঈদা জানান, “আমি লাভ-কাম-অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করি। তবে পাকিস্তানি পুরুষ নয়, একজন বিদেশিকে বিয়ে করতে চাই।” তিনি ব্যাখ্যা করেন, “অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত। অন্য দেশের পুরুষদের মধ্যে অবিশ্বস্ততা তুলনামূলকভাবে কম। আমার ভাই-বোনেরা নিউইয়র্কে বসবাস করে, যেখানে একাধিক বিয়ে করার অনুমতি নেই।”

স্থানীয় সমাজের নৈতিক অবক্ষয়ের উদাহরণ টেনে তিনি বলেন, “কেউ কেউ এমনও করেছেন, যেখানে একজন নারী নিজের বোনের বাগদত্তাকে বিয়ে করেছে। নারীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক না রাখা।” বিবাহিত পুরুষদের কাছ থেকে মেসেজ আসলে সাঈদা বলেন, “আমি সাধারণত তাদের হুঁশিয়ারি দিই, কথোপকথনের স্ক্রিনশট স্ত্রীর কাছে পাঠাব। এরপর তারা পিছু হটে।”

কাশ্মীর-আমেরিকান পরিবারের সন্তান সাঈদা সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেন, বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। ২০১২ সালে পাকিস্তানি দ্বিভাষিক সিনেমা ‘কাপ্তান: দ্য মেকিং অব আ লিজেন্ড’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের চরিত্রে অভিনয় করেন।

This post was viewed: 68

আরো পড়ুন