শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রথমবার ভারতের পার্লামেন্টে এসে দলীয় সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সোমবার (২৭ জুলাই) সংসদ চত্বরে গাড়ি থেকে নেমে উপস্থিত সংবাদমাধ্যমের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। এরপরই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কয়েকজন সংসদ সদস্য তাকে ঘিরে ধরেন।
এ সময় তারা সমস্বরে “ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ” বলে স্লোগান দেন এবং তাকে স্বাগত জানান।
নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের মাত্র ২ দিন পর পার্লামেন্টে এসে দলীয় সহকর্মীদের কাছ থেকে এমন সংবর্ধনা পান তিনি।
পদত্যাগের পরও বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষামন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং দেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে ধর্মেন্দ্র প্রধানের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দলের সভাপতি নিতিন নবীনও প্রধানের প্রশংসা করে বলেন, তার পদত্যাগের সিদ্ধান্ত জনজীবনে জবাবদিহিতা ও নিষ্ঠার মূল্যবোধকে সামনে এনেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধানকে কৃতিত্ব দিয়েছেন।