২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ গ্রহণের পর বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
রোববার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্র গ্রহণের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, সমর্থন এবং উসকানি ছিল।
আল নূর মোহাম্মদ আয়াস গণমাধ্যমকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলাকালে অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি দিয়েছেন। তার দাবি, গণঅভ্যুত্থানের পরও তারা জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান।
রাষ্ট্রসংলাপ ফোরামের দাখিল করা অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন- ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শামীম আরা নিপা, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, অজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিশপট্টা, শান্তা ফারজানা, সোমা ইসলাম এবং আনিস আলমগীর।