বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম অ্যাডামের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৬ জুলাই) মালেতে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় অভিবাসন ও প্রবাসীকল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি এবং সামগ্রিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ ফাহমি হাসান এবং মালেতে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে মালে সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।