দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। জাপানগামী এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে আফরোজা খানম বলেন, এ ফ্লাইট চালুর ফলে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, অলাভজনক বিবেচনায় এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ রুটের ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। প্রাথমিকভাবে ঢাকা-নারিতা রুটে সপ্তাহে ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
মন্ত্রী বলেন, “এই বিমান সেবা শুধু একটি পরিবহন সেবা নয় বাংলাদেশ-জাপান সম্পর্কের অর্থনীতিও সচল হবে, অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু রুট চালু করা না বরং এতে জাপানের সঙ্গে অংশীদারত্বও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদের সেবা করার জন্যেই আমাকে দায়িত্ব দিয়েছেন, এখন থেকে ফ্লাইট আর বন্ধ হবে না।”
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা একটা রুট দিয়ে নারিতা ফ্লাইট চালু করেছি, আমাদের ফ্লাইট সংকট আছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মাঝে যাতে ৫০টি ফ্লাইট থাকে। এ কারণেই আমরা ১০ টি এয়ারক্রাফট লিজ নিচ্ছি।”