সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রোববার (২৬ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ নিশ্চিত এবং তাদের বৈধ স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ২০২৬ সালের মধ্যে উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে ঢাকায় বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় যুগ্ম কনস্যুলার কমিটির বৈঠক আয়োজনের প্রস্তুতির কথাও জানান।
প্রস্তাবিত ওই বৈঠকে কনস্যুলার ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় খুঁজে দেখা হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বও পর্যালোচনা করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এ সময় প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপরও জোর দেওয়া হয়। উভয় পক্ষের আশা, এ চুক্তি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে।
এ ছাড়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করা এবং সুবিধাজনক সময়ে এর বৈঠক আয়োজনের বিষয়েও দুই দেশ একমত হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
শেষে দুই পক্ষ দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থে বহুমাত্রিক অংশীদারিত্ব আরও গভীর করতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।