রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসে থাকা এক শিশুসহ ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার পর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাসটি হাসপাতালের প্রধান ফটকের পাশের গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে আঘাত করলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হাসপাতালের ফটকের সামনে থাকা পথচারী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন।
বাসের যাত্রীরা জানান, কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য চালক সড়কের পাশে বাস থামানোর চেষ্টা করেন। এ সময় বাসটির ব্রেক ফেল করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে পড়ে।
তাদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা ২ জনের মধ্যে একজন সরে যেতে সক্ষম হলেও অন্যজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।